মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ১০
জনজীবন ডেস্ক :://
মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের অধিকাংশই বিএনপি নেতাকর্মী। এসময় সাত থেকে আটটি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- শুক্কুর আলী (৫০), আসিফ (২৫), নুর ইসলাম (৫১), জান্নাত (২২) ও শাহাদাত (২৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানা যায়, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামের বিএনপি নেতা মাহফুজ,আনার গংদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু, যুবলীগ নেতা নাজমুল ইসলামসহ কয়েকজনের বিরোধ ছিল। ইতঃপূর্বে একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থিত গ্রুপটির হামলা চালালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
হামলায় আহত বিএনপি কর্মী শুক্কুর আলী বলেন, সন্ধ্যায় আমরা কয়েকজন নেতাকর্মী স্থানীয় বিএনপির পার্টি অফিসে বসা ছিলাম। এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মন্টু, গিয়াসের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা বিএনপির পার্টি অফিসে হামলা করে। পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় তারা। হামলায় আহত আসিফ এবং নুর ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।