
জনজীবন ডেস্ক ::///
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘দেশের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
আয়োজকরা জানিয়েছেন, ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে।
বিক্ষোভের মূল দাবি হলো, ড. ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখা, নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা এবং ‘জুলাই গণহত্যাকারী’ আওয়ামী লীগের বিচার সম্পন্ন করা।’
শাহবাগের ওই অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলা হয়, ‘আপনারা আলোচনা করুন, বসুন, সময় নিন। প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ড. ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটা শক্তিশালী সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই।’
এসময় তারা ‘ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ শীর্ষক স্লোগানও দেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, ইনকিবাল মঞ্চের লোকজন এই সমাবেশ করছে। অল্প কিছু লোকজন আছে।